Sylhet Today 24 PRINT

রাবির বিজ্ঞানাগারে আগুন, দেড় কোটি টাকার সরঞ্জাম পুড়ে ছাই

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি বিজ্ঞানাগারে কাজ করার সময় আগুন লেগে পুড়ে গেছে ল্যাবের অধিকাংশ সরঞ্জাম। অগ্নিকান্ডের ঘটনায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বিভাগের এক শিক্ষক দাবি করলেও ফায়ার সার্ভিস বলছে ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা।

সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বিজ্ঞান ভবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিজ্ঞানাগারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ওই ল্যাবের মাস্টার্সের চার শিক্ষার্থী কাজ করছিলেন।

ওই চার শিক্ষার্থীর একজন রেজোয়ানা শারমিন লিয়া বলেন, “সোমবার সন্ধ্যায় আমরা বিজ্ঞানাগারে লেমিনার এয়ারফ্লোয়ারে কাজ করছিলাম। এসময় গবেষণার সরঞ্জাম পরিষ্কার করতে গিয়ে অ্যালকোহলের সঙ্গে স্পিরিট ল্যাম্পের আগুন লেগে যায়। আমরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু পানি দিতেই আগুনের মাত্রা আরো বেড়ে যায়। দাউদাউ করে আগুন পুরো বিজ্ঞানাগারে ছড়িয়ে পড়ে। এসময় আমরা কার্বন ডাই অক্সাইডের ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হই। তখন আমরা সেখান থেকে দ্রুত বেরিয়ে আসি।”

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী রওশন আলী অয়ন বলেন, “ল্যাবে আগুন লাগার সঙ্গে সঙ্গে পুরো কক্ষটি অন্ধকার হয়ে যায়। আমরা ল্যাব থেকে বের হয়ে এসে ফোন করে শিক্ষকদের বিষয়টি জানাই। পরে শিক্ষকরা ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর সাড়ে সাতটার দিকে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ল্যাবে থাকা কম্পিউটার, রেফ্রিজারেটর, মাইক্রোস্কোপ, বিভিন্ন রাসায়নিক দ্রব্যসহ অধিকাংশ গবেষণা যন্ত্রপাতি পুড়ে ধ্বংস হয়ে যায়।”

জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. বিশ্বনাথ শিকদার বলেন, “ল্যাবে প্রায় সাড়ে তিন কোটি টাকার সরঞ্জাম ছিল। এর অধিকাংশই আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, দেড় থেকে দুই কোটি টাকার যন্ত্রপাতি ধ্বংস হয়েছে।”

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা রজব আলী শেখ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, স্পিরিট ল্যাম্পের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা ঘটেনি।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.