Sylhet Today 24 PRINT

৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৮ এপ্রিল, ২০১৮

বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে চিকিৎসকদের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (৮ এপ্রিল) কমিশনের ওয়েবসাইটে সহকারী সার্জনের শূন্যপদে ৪ হাজার ৫৪২টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ১০ এপ্রিল সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ ও ফি দেওয়া শুরু হবে। চলবে ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত।

মোবাইল ফোনে টেলিটক অপারেটরে আবেদন ফি দেওয়া যাবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ৭০০ টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ১০০ টাকা জমা দিতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

লিখিত পরীক্ষা জুলাই মাসে শুধু ঢাকা কেন্দ্রে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩৯তম বিশেষ বিসিএসে এমসিকিউ পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে দুই ঘণ্টায়। এছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

সিলেবাস অনুযায়ী, মেডিক্যাল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলীতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে।

পিএসসির নিয়ম অনুযায়ী, প্রতি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ৫০।

এর আগে সকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজ্ঞপ্তি প্রকাশের কথা জানিয়েছিলেন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.