Sylhet Today 24 PRINT

এবার দু’টি বসন্ত বাউরিকে বাঁচালো দমকল বাহিনী

রাবি প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০১৮

টানা দুই ঘণ্টা চেষ্টার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি লিচু গাছের ওপর দেওয়া কারেন্ট জালে আটকা পড়া দু’টি  ‘বসন্ত বাউরি’ পাখিকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের পিছনের লিচু গাছ থেকে পাখি দুটিকে উদ্ধার করা হয়।

তবে আরও দু’টি পাখি ও একটি বাদুর ওই জালে আটকে মারা যায়। মূলত গাছের লিচু রক্ষায় এই ধরনের জাল ব্যবহার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলের সহকারী শিক্ষিকা দেবশ্রী মণ্ডল লিচু গাছে পাখিগুলোকে প্রথম আটকে থাকতে দেখেন। পরে তিনি ফায়ার সার্ভিসকে খবর দিলে সেখানকারকর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে চারটি পাখির মধ্যে দু’টিকে জীবিত উদ্ধার করেন। পরে পাখিগুলোকে আকাশে উড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে দেবশ্রী মণ্ডল বলেন, ‘আমাদের জৈববৈচিত্র রক্ষা করার দায়িত্ব আমাদেরই। কোনো পশু পাখিকেই এভাবে হত্যা করা উচিত নয়।’

বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের ইন্সপেক্টর হুমায়ুন কবীর বলেন, ‘প্রাণ তো প্রাণই। সেটা মানুষের হোক আর যেকোন প্রাণির হোক। আমারা ঘটনা শোনার সাথে সাথেই কন্ট্রোল রুমকে জানাই। তাঁরা আমাদের এখানে দ্রুত আসার নির্দেশ দেন।’

এর আগে গত ১৩ মার্চ রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় বৈদ্যুতিক তারে ঘুড়ির সুতায় আটকে পড়া একটি চড়ুই পাখিকে উদ্ধার করে গণমাধ্যমে আলোচিত হয় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.