Sylhet Today 24 PRINT

শাবিতে আন্দোলনের মুখে ফের আটকে গেলো সিন্ডিকেট সভা, ভিসির পক্ষে মিছিল

শাবি প্রতিনিধি |  ২৯ জুন, ২০১৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বাঁধার মূখে পূর্বঘোষিত সিন্ডকেট সভা ও তিনটি বিভাগের বাছাইবোর্ড স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সোমবারও প্রশাসনিক ভবন-২ (ভিসি ভবন) এর সামনে সকাল ৮টা থেকেই অবস্থান কর্মসূচি শুরু করেন সরকার সমর্থিত একাংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর শিক্ষকরা।

‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম জানান, আন্দোলনের মূখে পূর্বঘোষিত তিনটি বিভাগের বাছাইবোর্ড এবং সিন্ডিকেট সভা করতে ভিসি ব্যর্থ হয়েছেন।ভিসি পদত্যাগ না করে অবৈধভাবে পদ আকড়ে থাকার যে প্রয়াস চালাচ্ছেন এজন্য যারা ক্ষতিগ্রস্থ তার সম্পূর্ন দায়ভার ভিসিকেই নিতে হবে।

ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন তিনি।

সিন্ডিকেট স্থগিত হওয়ায় শিক্ষকরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হবেন বলে দাবি করেন সরকার সমর্থিত অন্য অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্ত চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ এর আহ্বায়ক অধ্যাপক আখতারুল ইসলাম। অন্যদিকে সামসুল আলম দাবি করেন সিন্ডিকেট যখনই হবে শিক্ষকরা সকল সুবিধা পাবেন।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের মিছিল: চলমান ভিসি বিরোধী আন্দোলনকে কতিপয় স্বার্থান্বেষী শিক্ষকদের আন্দোলন আখ্যা দিয়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগই মিছিল করেছে। তবে মিছিলটি ছাত্রলীগ করেনি বলে দাবি করেন শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.