Sylhet Today 24 PRINT

সিকৃবিতে শিক্ষক নিয়োগ নিয়ে রিট প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ০৭ জুলাই, ২০১৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮৪ জন শিক্ষক ও কর্মকর্তার নিয়োগের বিরুদ্ধে উচ্চ আদালতে দায়েরকৃত রিট আবেদন প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও কর্মকর্তারা। এই ইস্যুতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, আওয়ামীপন্থী শিক্ষক প্যানেল, গনতান্ত্রিক শিক্ষক পরিষদ, আওয়ামীপন্থী কর্মকর্তা প্যানেল, গণতান্ত্রিক অফিসার্স পরিষদ ও ছাত্রলীগসহ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল বাসেত, শিক্ষক সমিতির সাবেক সহ সভাপতি ড. মো. তরিকুল ইসলাম, গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. জীবন কৃষ্ণ সাহা, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. ছানোয়ার হোসেন মিয়া, সিকৃবি ছাত্রলীগ সেক্রেটারি হৃত্বিক দেব, কর্মচারী পরিষদের সভাপতি শাহ আলম সুরুক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- বিএনপি-জামায়াতপন্থী কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা মিলে মুক্তিযুদ্ধের পক্ষের ৪৭ জন শিক্ষক ও ৩৭ জন কর্মকর্তার নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন। ফলে চাকুরি নিয়ে ওই শিক্ষক ও কর্মকর্তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। রিট আবেদন প্রত্যাহার না করলে সংশ্লিষ্টদের সাথে সামাজিক সম্পর্ক বিচ্ছিন্নের হুমকি দেন বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.