সিলেটটুডে ডেস্ক | ১০ জুলাই, ২০১৫
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র তিন বছর পুর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, মেধা বিকাশের রাস্তা হলো শিক্ষা গ্রহণ করা। জ্ঞানের জগত হলো বিশাল এক সমুদ্রের মতো। এর বিশালতার কাছে পৃথিবীর সবচে বড় জ্ঞানীও একবিন্দু জলের মতো। আমাদের সকলেরই কম বেশি জ্ঞান ও বুদ্ধি আছে। আমাদেরকে সে জ্ঞান বুদ্ধির বিকাশ করতে হবে।
বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষার তীর্থস্থান। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় দেশের মেধাবী শিক্ষার্থীরা। উচ্চ শিক্ষা শেষ করে তারাই একদিন দেশের হাল ধরে। জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষার অগ্রগতির জন্য কাজ করে যাচ্ছেন।
শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ ইউনিয়নের মোল্লাগ্রামে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর স্থায়ী ক্যাম্পাসে এ ৩য় বছর পুর্তি উদযাপন করা হয়।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তানভীর আহমেদ চৌধুরীর পরিচালনায় ও ইউনিভার্সিটির শিক্ষার্থি মাহমুদুল হাসানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক সচিব ন্যাশনাল টি কোম্পানীর চেয়ারম্যান ড. একে এম মুবিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভুইয়া, সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম শাহি আলম, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ইউজিসির সাবেক সদস্য প্রফেসর আতফুল শিবলী, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি একেএম শমিউল আলম, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ প্রমুখ।