Sylhet Today 24 PRINT

জাবির খণ্ডকালীন শিক্ষক হাছান মাহমুদ

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে ক্লাস নিয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধের কারণে হাছান মাহমুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাসে ১০টি ক্লাস নেওয়ার অনুরোধ করলেও রাজনৈতিক ব্যস্ততার কারণে সপ্তাহে একটি করে ক্লাস নেবেন হাছান মাহমুদ।

এরআগে পরিবেশ বিজ্ঞান ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষকতা করেন হাছান মাহমুদ।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরে বেলজিয়ামের ব্রিজ ইউনিভার্সিটি অব ব্রাসেলস থেকে হিউম্যান ইকোলজি ও ইউনিভার্সিটি অব লিবহা দু ব্রাসেলস থেকে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে স্নাতকোত্তর করেন।

এরপর পরিবেশ রসায়ন বিষয়ে বেলজিয়ামের লিম্বুর্গ ইউনিভার্সিটি সেন্ট্রাম থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.