নিউজ ডেস্ক | ১২ জুলাই, ২০১৫
উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়ার পদত্যাগ দাবিতে ঈদের ছুটিতেও আন্দোলনে রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সরকার সমর্থক মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা।
রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হলেও সকাল থেকেই উপাচার্যের ভবনের সামনে ব্যানার টানিয়ে ২১তম দিনের মত অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
আন্দোলনরত শিক্ষকদের আহ্বায়ক অধ্যাপক সামসুল আলম জানান, উপাচার্য গত এপ্রিলে আমাদের কথা দিয়েছিলেন দুই মাসের ছুটি শেষে তিনি পদত্যাগ করবেন। কিন্তু তিনি কথা রাখেননি।
এখন তিনি জামায়াতন্থী শিক্ষকদের দিয়ে ক্যাম্পাস পরিচালনার পায়তারা করছেন। উপাচার্যের এ পরিকল্পনা সফল হবে না। অযোগ্য ও দুর্নীতিবাজ উপাচার্যকে পদত্যাগ করতেই হবে।
উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে অধ্যাপক সামসুল বলেন, দিন যত যাবে আন্দোলন তত কঠোর থেকে কঠোরতম হবে।
উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি,‘অসৌজন্যমূলক আচরণ’ ও প্রশাসন পরিচালনায় ‘অযোগ্যতার’ পাশাপাশি আর্থিক ‘অস্বচ্ছতার’ অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে সরকার সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’।
আন্দোলনের অংশ হিসেবে গত ২০ এপ্রিল জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন।
আন্দোলনের তোপের মুখে উপাচার্য আমিনুল হক ভূঁইয়া ২৩ এপ্রিল জরুরি সিন্ডিকেট বৈঠক ডেকে দু’মাসের ছুটিতে গেলে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাসের অধীনে সেই ৩৫ জন স্বপদে কাজ চালিয়ে যেতে থাকেন।
গত ২২জুন ছুটি শেষ হওয়ার দুই দিন আগে হঠাৎ নিজের কার্যালয়ে ফিরে উপাচার্য যোগ দিলে ও নতুন প্রক্টরিয়াল কমিটির অনুমোদন দিলে প্রতিবাদে ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনরত শিক্ষকরা।
এরপর প্রতিদিন উপাচার্যের কার্যালয় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষকরা। এরপর আর কার্যালয়ে আসেননি উপাচার্য।
তবে শিক্ষকদের এ আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তাদের দাবিতে নত না হওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।
তিনি বলেন, সরকার আমাকে চার বছরের জন্য পাঠিয়েছেন। সরকার যতদিন রাখবেন ততদিন স্বপদে থাকব। শিক্ষকদের একটি ক্ষুদ্র অংশের অনৈতিক আন্দোলনে আমি পদত্যাগ করব না।