শাবি প্রতিনিধি | ২২ জুলাই, ২০১৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনায় বসবেন শিক্ষামন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষক প্রতিনিধির সাথে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক নোটিশের মাধ্যমে জানানো হয়েছে।
প্রতিনিধিত্বকারী শিক্ষকরা হলেন- অধ্যাপক সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ইয়াসমীন হক, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মো. আব্দুল গণি, অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, অধ্যাপক দীপেন দেবনাথ, সহযোগি অধ্যাপক মো. ফারুক উদ্দিন।
উল্লেখ্য. বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভুইয়ার বিরুদ্ধে দূর্নীতি, মিথ্যাচার, স্বজনপ্রীতি, নিয়োগে অনিয়ম, অসৌজন্যমূলক আচরন ও স্বেচ্ছাচারিতার অভিযোগে গত দুই মাস ধরে আন্দোলন করে আসছেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’। উপাচার্যের প্রতি অনাস্থা জ্ঞাপন করে তখন ড. জাফর ইকবালসহ ৩৫জন শিক্ষক ৩৭টি প্রশাসনিক পদ থেকে একইসাথে পদত্যাগ করেন।