Sylhet Today 24 PRINT

শাবির ‘দায়িত্ব নিলেন’ শিক্ষামন্ত্রী, আন্দোলন স্থগিত করলেন শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ জুলাই, ২০১৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসে উপাচার্যবিরোধী আন্দোলন স্থগিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবিরোধী চলমান আন্দোলন স্থগিত করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকদের একাংশ।

বৃহস্পতিবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্দোলনকারী শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এসময় শিক্ষামন্ত্রী সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষকদের আন্দোলন স্থগিতের অনুরোধ জানালে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন শিক্ষকরা।

শাবি উপাচার্যের অপসারণ দাবিতে প্রায় দুই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিলো বিশ্ববিদ্যালয়টির মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভূদ্ধ শিক্ষক প্যানেল।

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক শেষে আন্দোলনকারী শিক্ষকদের নেতা ও শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আব্দুল গনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষামন্ত্রীর সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। তিন ঘন্টা ব্যাপী বৈঠকে তিনি আমাদের অভিযোগ শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন।

ড. গণি বলেন, শিক্ষামন্ত্রী শাবির সমস্ত দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছন। তার অনুরোধে আমরা আন্দোলন কর্মসূচী আপাতত স্থগিত করেছি। আশা করছি, আমাদের দাবি পুরণ হবে।

এই বৈঠকে উপস্থিত থাকা এডভোকেট আব্বাস উদ্দিন জানান, শুক্রবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আমিনুল হক ভূঞার সাথে শুক্রবার বৈঠকে বসবেন। এই বৈঠকে শাবির সঙ্কট নিয়ে আলোচনা হবে। বৈঠকে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

আজ শাবি শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনরত শিক্ষকদের বক্তব্য শুনেন এবং এ বাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতির ব্যাপারে শিক্ষামন্ত্রীর দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষকরা সাময়িকভাবে তাদের অবস্থান ধর্মঘটের কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) এ এস মাহমুদ, অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, অতিরিক্ত সচিব ড. হেলাল উদ্দিন, যুগ্মসচিব আমিনুল ইসলাম ও উপসচিব এ জেড এম নূরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের পক্ষে প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, প্রফেসর ড. ইয়াসমীন হক, প্রফেসর ড. মোঃ ইউনুস, প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আব্দুল গণি, প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান, প্রফেসর ড. দীপেন দেবনাথ, সহযোগী অধ্যাপক মোঃ ফারুক উদ্দিন ও এ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছউদ্দিন প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.