নিজস্ব প্রতিবেদক | ২৪ জুলাই, ২০১৫
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শুক্রবার বিকালে তাঁর সরকারি বাসভবনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়াকে ডেকে কথা বলেছেন।
এসময় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, ড. অরুণা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের উত্থাপিত নানা অভিযোগ সম্পর্কে উপাচার্যের বক্তব্য শোনেন। তিনি তাঁকে ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ের সুনাম, সম্মান, ঐতিহ্য, ভাবমূর্তি ও শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে চলার পরামর্শ দেন। এ বিষয়ে তিনি শীঘ্রই দৃশ্যমান পরিবর্তন দেখতে চান। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শান্তিময় পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে মন্ত্রীকে আশ্বস্থ করেন।
মন্ত্রী শীঘ্রই এ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের প্রতিনিধিগণের সাথেও শীঘ্রই আরো আলোচনা করবেন বলে জানা গেছে।