সিলেটটুডে ডেস্ক | ২৫ জুলাই, ২০১৫
পদার্থবিজ্ঞান নিয়ে শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা হচ্ছে আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড। সদ্য সমাপ্ত ‘৪৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড-২০১৫’-এ একটি ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ।
৫ থেকে ১২ জুলাই ভারতের মুম্বাইয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৮৬টি দেশের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
বাংলাদেশ দলে ছিলেন এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অভয় দত্ত, চিটাগাং গ্রামার স্কুলের দিব্য তনয় ভট্টাচার্য, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের মোহাইমিনুল ইসলাম, নটরডেম কলেজের সুপান্থ রক্ষিত ও অর্পন পাল। দলের হয়ে দিব্য তনয় ভট্টাচার্য ব্রোঞ্জপদক পেয়েছেন। এ ছাড়া অভয় দত্ত পেয়েছেন বিশেষ সম্মাননা। তিন বছরের মধ্যে এটিই বাংলাদেশ দলের বড় অর্জন।
ফিজিক্স অলিম্পিয়াডের পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হয়—তত্ত্বীয় এবং পরীক্ষণ। দিব্য তনয় ভট্টাচার্য তত্ত্বীয় অংশ ৩০-এর মধ্যে ১৫.৪ নম্বর এবং পরীক্ষণে ২০-এর মধ্যে ৮.৬ নম্বর অর্জন করেন। দক্ষিণ এশিয়ায় ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।