শাবি প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী, ২০১৯
পুরুষতান্ত্রিক সমাজে নারীর সচেতনতা বৃদ্ধি ও জাগরণের লক্ষ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আর্ন্তজাতিক নারীর দিবসকে সামনে রেখে ‘ঘরে বাইরে সহিংসতাঃ প্রতিবাদের ঝড় উঠুক নারীর কন্ঠে, আর নয় নীরবতা’ স্লোগান নিয়ে দ্বিতীয়বারের মতো এই আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’ (এসইউডিএস)।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসইউডিএস’র সাধারণ সম্পাদক রাইতাহ্ বিনতে আহসান এই প্রতিযোগিতার জানান দেন।
তিনি বলেন, ‘১ ও ২ মার্চ অনুষ্ঠেয় দুইদিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ২৪টি টিম অংশগ্রহণ করছে।’
সেখানে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেন প্রতিযোগিতার আহ্বায়ক সৈয়দ নওরোজ হোসেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধের জন্য সর্বাগ্রে প্রয়োজন নারীর নিজের সচেতনতা। যেকোনো সহিংস আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসিকতা নারীকে অর্জন করতে হবে।
তিনি বলেন, ‘আর্ন্তজাতিক নারীর দিবসকে সামনে রেখে, নারীর ভেতরে এই প্রতিবাদী চেতনা জাগ্রত করার লক্ষ্যে আমাদের এই আয়োজন।’
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এর আর্থিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকবৃন্দ ।
আয়োজনের প্রথমদিন শুক্রবার সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের পর র্যা লি বের করা হবে। ওইদিন প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে।
দ্বিতীয়দিন শনিবার বিকেল সাড়ে ৩টায় ফাইনাল এবং ৫টায় মিনি অডিটোরিয়ামে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ, সাবেক সভাপতি জান্নাতুল তাজরীন, সাবেক সাধারণ সম্পাদক আলী নেওয়াজ, নূর-ই-জান্নাত নিতু, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারজানা ইয়াসমিন, প্রচার সম্পাদক আহসান উল্যাহসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।