Sylhet Today 24 PRINT

রাবির দুই শিক্ষককে ‘হত্যার হুমকি’

রাবি প্রতিনিধি |  ০২ মার্চ, ২০১৯

সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় ওই দুই শিক্ষককে একই নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই দুই শিক্ষক নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

দুই শিক্ষক হলেন– সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোতাছিম বিল্লাহ। আমিনুল ইসলাম সৈয়দ আমীর আলী হলের বর্তমান প্রাধ্যক্ষ।

ড. আমিনুল ইসলাম জিডির কপিতে উল্লেখ করেছেন, সর্বহারা পরিচয় দিয়ে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ০১৭২৫-৬৬৪৯৭২ নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়। এসময় টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ওই ব্যক্তি নিজেকে মতিন বলে পরিচয় দেয়। পরে ওই নম্বরে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

এর আগে ২০১৫ সালেও একইভাবে ড. আমিনুল ইসলামের কাছে এককোটি টাকা দাবি করা হয়। ওই ঘটনায়ও তাৎক্ষণিক পুলিশকে জানিয়ে থানায় জিডি করেছিলেন তিনি। আমিনুল ইসলামের অভিযোগ, ‘তখন পুলিশ বিষয়টি আমলে নেয়নি।’

ড. আমিনুল ইসলাম বলেন, “গত ২৮ ফেব্রুয়ারি আমাকে ফোন দিয়ে বলা হয়, ‘দীর্ঘদিন থেকে আপনি টার্গেটে আছেন। আপনাকে মেরে ফেলা হবে। কিন্তু আপনি নম্রভদ্র মানুষ। তাই আর্থিক সমঝোতা করতে চাচ্ছি। কত টাকা দেবেন, বলেন?’ আমি টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছি।”

তিনি আরও বলেন, ‘এর আগে ১৫-২০ দিন আগে ১০-১৫ লোক আমরা বাড়ির প্রহরীকে হুমকি দিয়ে যায়। আমি বিষয়টি ৪-৫ দিন পর জানতে পারি। শুক্রবার সকালে থানায় জিডি (২১ নম্বর) দায়ের করেছি।’

অন্যদিকে, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহতাসিম বিল্লাহ বলেন, ‘২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমাকে ফোন করে টাকা দাবি করে অজ্ঞাত এক ব্যক্তি। সে নিজেকে সর্বহারা কমান্ডার মহিউদ্দিন পরিচয় দেয়। অর্থ দিতে অস্বীকৃতি জানালে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ওই রাতেই আমি মতিহার থানায় জিডি দায়ের করেছি।’

এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। রবিবার একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে বিষয়টি জানাতে চেয়েছেন তারা। জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মতিহার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক জিডি দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.