Sylhet Today 24 PRINT

রাবিতে ফের শিক্ষককে ‘হত্যার হুমকি সর্বহারার’

রাবি প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০১৯

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে গত তিন দিনে সর্বহারা পরিচয়ে হুমকিপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষক। যাদের দুইজনই সমাজবিজ্ঞান বিভাগের।

সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলী জানান, স্বপন কুমার নামে পরিচয় দিয়ে নিজেকে সর্বহারা দলের সদস্য দাবি করেন ওই ব্যক্তি। এরপর অন্য দুই শিক্ষকের মতো আমাকেও হত্যার হুমকি দেয়া হয়। শনিবার (২ মার্চ) সন্ধ্যা ৭টার একটু পর এ ঘটনা ঘটে। তবে যে মোবাইল নম্বর থেকে ফোন দেয়া হয়েছে সেটি জানাননি তিনি। সন্ধ্যার পর বিস্তারিত জানাবেন বলে জানান।

পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগে আমার বিভাগের একজন শিক্ষকসহ দুইজন শিক্ষককে হত্যার হুমকি দেয়া হয়েছে। আমরা অফিসিয়ালি বিষয়টি দেখার চেষ্টা করছি। জিডির চেষ্টা চলছে।

এদিকে একের পর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছেন শিক্ষকরা।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, এটা বড় উদ্বেগজনক। শিক্ষক হিসেবে আমরা সাধারণ মানুষ। আমি চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করবে।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম ও দর্শন বিভাগের অধ্যাপক মুতাছিম বিল্লাহকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওই দুই শিক্ষক নগরীর মতিহার থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এ বিষয়ে আমাকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.