Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ মার্চ, ২০১৯

লিডিং ইউনিভার্সিটির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে কেক কাটেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়ে লিডিং ইউনিভার্সিটি পরিপূর্ণ জ্যোতি বিকাশ করে চলছে উল্লেখ করে রাগীব আলী বলেন, সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় গড়ে ওঠা সবুজে ঘেরা দৃষ্টিনন্দন স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনা থাকায় শিক্ষার্থীদের অভিভাবকগণও তাদের ছেলে-মেয়েদের নিরাপদ যাতায়াতের বিষয়ে চিন্তামুক্ত।

তিনি বলেন, রাস্তা উন্নয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। ক্যাম্পাসে কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে, এখন সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। লিডিং ইউনিভার্সিটি আজকের এ অবস্থানে আসার পথে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের আপ্রাণ চেষ্টা এবং সর্বোচ্চ সহযোগিতা।

তিনি বিগত তিনটি বছর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কর্মদক্ষতার প্রশংসা করে আগামীতে লিডিং ইউনিভার্সিটি যাতে দেশ এবং দেশের বাইরে নেতৃত্ব দিতে পারে তার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

লিডিং ইউনিভার্সিটি শিক্ষার মান ও গবেষণা কার্যক্রমকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, লিডিং ইউনিভার্সিটি শিক্ষার মান ও গবেষণা কার্যক্রমকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণায় মনোনিবেশ করার লক্ষ্যে প্রতি বছর গবেষণা প্রকল্পে বরাদ্দ দেয়া হয়। তাছাড়া গবেষণায় উৎসাহ প্রদান করার জন্য প্রতি বছর লিডিং ইউনিভার্সিটির শিক্ষকদের পূর্ববর্তী বছরে জার্নালে প্রকাশিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ নির্বাচিত করে সৈয়দ রাগীব আলী গবেষণা পুরস্কার প্রদান করা হয়।

তিনি বলেন, প্রত্যেকটি প্রোগ্রামে দক্ষ শিক্ষক নিয়োগ এবং আউটকাম বেইজড কারিকুলামের মাধ্যমে পাঠদান করানো হয়ে থাকে। ইনস্টিটিউশনাল কোয়ালিটি  এ্যাসিউরেন্স সেলের উদ্যোগে নিয়মিত শিক্ষা পদ্ধতি ও গবেষণা বিষয়ক কর্মশালা ও সেমিনারের আয়োজন করা হয়। শিক্ষকদের বিদেশে উচ্চশিক্ষা এবং দেশ ও দেশের বাইরে বিভিন্ন কনফারেন্স এবং সেমিনারে অংশগ্রহণ করার জন্য সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে এ বিশ্ববিদ্যালয়ে।

তিনি আজকের এ ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে তিনি আগামীতে লিডিং ইউনিভার্সিটি যাতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে সে জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সচিব জনাব শায়েখুল হক চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ দীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.