Sylhet Today 24 PRINT

এমসি কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

এমসি কলেজ প্রতিনিধি |  ০৫ মার্চ, ২০১৯

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০ টায় এমসি কলেজ খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ফাইনালে একাদশ শ্রেণীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এছাড়া ম্যান অব দ্য ফাইনাল হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিজু ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হিসেবে একই বিভাগের খালিদ সাইফুল্লাহ কানন নির্বাচিত হয়েছেন।

পরে একই স্থানে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক মো. অহিদুর রব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। প্রতিবছর কলেজে এই ধরনের আন্তঃবিভাগ টুর্নামেন্টের আয়োজন করা উচিত, যাতে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে উঠে। আমরা চাই শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করুক।' এ সময় তিনি টুর্নামেন্ট আয়োজনের জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটিকে ধন্যবাদ জানান।

স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট জুবায়ের আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমদাদুল হকের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফরিদ আহমদ। এছাড়া সংগঠনের সদস্য মিজানুর রহমান, সারোয়ার কামাল, রাশেদ আহমদ, জহির উদ্দিন সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.