Sylhet Today 24 PRINT

অর্থনীতি সমিতির বিকল্প বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির ২০টি নতুন উৎস

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মে, ২০১৯

সিলেটে প্রথমবারের মতো বাংলাদেশ অর্থনীতি সমিতির উদ্যোগে ২০১৯-২০ অর্থবছরের 'বিকল্প বাজেট' উপস্থাপন করা হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে ১১টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদীয় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাদ্যমে এ বিকল্প বাজেট উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সিকৃবি ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো. আবুল কাশেমের সভাপতিত্বে 'বিকল্প বাজেট' উপস্থাপন করেন সিকৃবির কৃষি, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ।

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত ১২ লক্ষ ৪০ হাজার ৯০ কোটি টাকার বাজেটের মধ্যে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে মোট ২০টি নতুন উৎস নির্দেশ করা হয়েছে যা অতীতে ছিল না।

সরকারি আয় বৃদ্ধির নতুন এসব উৎসের মধ্যে রয়েছে অর্থপাচার রোধ থেকে আহরণ, কালোটাকা উদ্ধার থেকে আহরণ, বিদেশী নাগরিকদের উপর কর, বিদেশী পরামর্শ অফিস, বন্ড মার্কেট, সরকারি-বেসরকারি যৌথ অংশীদারিত্ব, সেবা থেকে প্রাপ্তি কর, সম্পদ কর, তার ও টেলিফোন বোর্ড, টেলিকম রেগুলেটরি কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, ইনস্যুরেন্স রেগুলেটরি কমিশন, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, বিআইডাব্লিউটিএ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অনুমতি নবায়ন ফিস, ঔষধ প্রস্তুতকারী কোম্পানির লাইসেন্স ও নবায়ন ফিস, সরকারি স্টেশনারি বিক্রয় ইত্যাদি।

উল্লেখ্যে, রাজস্ব আয় বৃদ্ধির বিভিন্ন দিকনির্দেশনাপূর্বক এবারই প্রথম বৈদেশিক ঋণ নির্ভরতামুক্ত বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

প্রস্তাবিত বাজেটে উল্লেখিত খাতসমূহকে (যেমন, শিক্ষা ও প্রযুক্তি, জনপ্রশাসন, পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন, সুদ, কৃষি, জনশৃঙ্খলা ও নিরাপত্তা, প্রতিরক্ষা, গৃহায়ণ, শিল্প ও অর্থনৈতিক সেবা, বিনোদন, সংস্কৃতি ও ধর্ম) অগ্রাধিকার দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থীসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.