Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের দুই গ্রুপের উত্তেজনা, এমসি কলেজের ছাত্রাবাস বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০১৯

ফাইল ছবি

সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘাতের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কলেজ প্রশাসন।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টায় ছাত্রদের ছাত্রাবাস ছাড়তে নির্দেশ দেন কলেজের অধ্যক্ষ। বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস খালি করতে বলা হয়।

জানা যায়, ৫ আগস্ট সোমবার রাতে এমসি কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় তারা লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের মুখোমুখি হওয়ার প্রাক্কালে কলেজ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে তাদের শান্ত করা হয়।

এমসি কলেজের অধ্যক্ষ নিতায় চন্দ্র চন্দ সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল (সোমবার) রাতে ছাত্রাবাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই প্রেক্ষিতে সংঘাতের আশঙ্কায় এবং ঈদের ছুটি মিলিয়ে অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।

ঈদের পর পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ছাত্রাবাস খুলে দেওয়া হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.