Sylhet Today 24 PRINT

প্রশ্নপত্র ফাঁস: ঢাবির ৬৯ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

সিলেটটুডে ডেস্ক |  ০৬ আগস্ট, ২০১৯

ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কৃত ৬৯ জনকে অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন এসব শিক্ষার্থী। তাঁরা সবাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অভিযোগপত্রভুক্ত আসামি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা সবাই সিআইডির চার্জশিটভুক্ত আসামি।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন এবং পাবলিক পরীক্ষা আইনে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়।

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ২৬ জুন ৭৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারী। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের গ্রেপ্তার করা গেল কি না, তা ৩০ জুলাইয়ের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.