Sylhet Today 24 PRINT

অচল হয়ে আছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট |  ৩১ আগস্ট, ২০১৫

সোমবার সকাল ন’টা থেকেই কার্যত অচল হয়ে পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বিএনপি-জামাতপন্থী কয়েকজন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর দায়েরকৃত নিয়োগ প্রক্রিয়ার উপর রিট তুলে নেয়ার জন্য আন্দোলন চালিয়ে আসছিলো মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। আজ সকাল থেকে অর্ধবেলা হরতালের ডাক দেওয়া হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে সারে আটটায় শখানেক শিক্ষক ও কর্মকর্তা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন।

এরপর আন্দোলনের সমন্বয়কারী মৃত্তিকা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কাশেম এর নেতৃত্বে শান্তিপূর্ণ পিকেটিং শুরু হয়। আন্দোলনকারীরা একে একে ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ ভবন, কৃষি অনুষদ ভবন, মৎস্য-বিজ্ঞান অনুষদ ভবন ও প্রশাসন ভবনে যান। সেখানে অবস্থানরত শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন। এসময় সকল ক্লাস ও টার্ম পরীক্ষা বন্ধ থাকে। কর্মকর্তারাও তাদের চেম্বার থেকে বেরিয়ে আসেন।

পরবর্তীতে আন্দোলনকারীরা কৃষি অনুষদ ভবনের নিচতলার গ্যালারিতে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সেখানে সংহতি প্রকাশ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, কর্মকর্তা পরিষদ, কর্মচারী সমিতির নেতৃবৃন্দ। বেলা একটায় ধর্মঘট তুলে নেয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ০৭/১০/২০১৩ ইং তারিখে এই শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ প্রক্রিয়ার উপর বিএনপি-জামাতপন্থি ৫ জন শিক্ষক, ৩ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারী মিলিতভাবে মহামান্য হাইকোর্টে একটি রীট আবেদন করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উক্ত রীট ভ্যাকেট করার মাধ্যমে এই শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ দিলেও তাঁদের মধ্যে হতাশা, অস্বস্থি ও আতঙ্ক বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.