Sylhet Today 24 PRINT

উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন, ঘোষণা শিক্ষকদের: শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক |  ৩১ আগস্ট, ২০১৫

উপাচার্যের পদত্যাগ দাবিতে নতুন কর্মসূচী ঘোষণা করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ। সোমবার সন্ধ্যায় সভা করে নতুন কর্মসূচি ঘোষণা করেন এই পরিষদের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম।
কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কালোব্যাজ ধারণ, মৌনমিছিল ও সমাবেশ, বুধবার অর্ধদিবস কর্মবিরতি, কালোব্যাজ ধারণ,র‌্যালি ও সমাবেশ, এবং বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিকী অনশন ও কালোব্যাজ ধারণ। ওই দিন সমাবেশ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সামসুল আলম।

এরআগে সকালে ছাত্রলীগের হামলার প্রতিবাদ ও উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকরা কর্মবিরতি পালনের পাশাপাশি কালোব্যাজ ধারণ, প্রতিবাদী মিছিল ও সমাবেশ করেছেন।

অপরদিকে, শিক্ষার্থীরা হামলার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে প্রতিবাদে মানববন্ধন, মৌনমিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছেন।

এছাড়া এ ঘটনায় তীব্র নিন্দা ও শিক্ষক লাঞ্ছনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি করেছে শাবিপ্রবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত শাবিপ্রবি ক্যাম্পাসে কর্মবিরতি পালন করেন আন্দোলনকারী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’-এর শিক্ষকেরা। তবে চূড়ান্ত পরীক্ষা কর্মবিরতির আওতামুক্ত ছিল।

কর্মবিরতির পাশাপশি সকাল থেকে শিক্ষকরা ক্যালোব্যাজ ধারণ করেন। এ ছাড়া হামলার প্রতিবাদে সকাল ১১টায় শিক্ষক ক্যান্টিন থেকে মৌন মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্য ভবনের সামনে গিয়ে শেষ হয়।

প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেই সেখানে সমাবেশ করেন তারা।

এ সময় আন্দোলনের মুখপাত্র ড. সামসুল আলম উপাচার্যের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ফের ব্যক্ত করেন।

এদিকে, হামলার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে সোমবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে মানববন্ধন, মৌনমিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

'প্রতিবাদী সাস্টিয়ান' ব্যানারে প্রচণ্ড বৃষ্টিতে ভিজেই দু’শতাধিক শিক্ষার্থী মানববন্ধন ও মৌন মিছিলে অংশ নেন। এসময় শিক্ষকদের উপ হামলাকারী ছাত্রদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.