Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশের দুর্নীতি বিরোধী আইন’ শীর্ষক সেমিনার

সিলেটটুডে ডেস্ক |  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের দুর্নীতি বিরোধী আইন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো. মফিজুর রহমান ভূঁইয়া।

সেমিনার অনুষ্ঠানে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২, সংশ্লিষ্ট আইন সম্পর্কিত  বিভিন্ন ইস্যু নিয়ে উচ্চ আদালতের গৃহীত সিদ্ধান্ত এবং সেসবের প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠা, গঠন, সদস্যদের যোগ্যতা, কমিশনের কার্যাবলী এবং গৃহীত পদক্ষেপ, দুদকে সরাসরি সেবা হটলাইন-১০৬ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়াও প্রভৃতি আইনের, পরিধি, প্রকৃতি, সীমাবদ্ধতা, প্রচার-প্রসার এবং সংস্কার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে বক্তব্য শেষে শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর পর্বে দুর্নীতি দমন কমিশনের চলমান উদ্যোগের বিষয়ে বিশেষ তাৎপর্যপূর্ণ আলোচনা করেন।

তিনি বলেন, শিশু ও যুবকদেরকে দুর্নীতি বিরোধী মননশীলতা সৃষ্টির লক্ষ্যে দুদক কর্তৃক গৃহীত সততা স্টোর ব্যবস্থা চালু, সততা সঙ্ঘ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদেরকে দুর্নীতি বিরোধী কার্যক্রমে রাষ্ট্রের গৃহীত নীতি ও কার্যক্রমে অন্তর্ভুক্তির জন্য উৎসাহিত করেন। এ সময় যুবসমাজের সততার চর্চার মাধ্যমেই দুর্নীতি নির্মূল করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

এসময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন, দুর্নীতিদমন কমিশনের সিলেট বিভাগীয় পরিচালক আব্দুল্লাহ-আল-জাহিদ। লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান রাশেদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্য তিনি শিক্ষার্থীদেরকে সততা, সহমর্মিতা, সহনশীলতা ও নিষ্ঠা অর্জনের মাধ্যমে দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ তথা সোনার বাংলার সোনার মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলার জন্য আহ্বান জানান।

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিমের সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠান শেষে আইন বিভাগের পক্ষ থেকে সেমিনারের প্রধান আলোচক মো. মফিজুর রহমান ভূঁইয়াকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.