Sylhet Today 24 PRINT

রাবিতে ছাত্রীকে ‘শ্লীলতাহানি’, যুবক আটক

রাবি প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে নগরীর ধরমপুর এলাকার যোজক টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম শ্যামল বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের অধ্যাপক বীথিকা বণিকের ভাই। ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

শ্লীলতাহানির চেষ্টা করায় ভুক্তভোগী শিক্ষার্থী জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করলে নগরীর মতিহার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকায় যোজক টাওয়ারের তৃতীয় তলায় বীথিকা বণিকের বাসায় তার সন্তানকে পড়াতে যান ভুক্তভোগী ছাত্রী। বৃষ্টির কারণে ওই ছাত্রী বীথিকা বণিকের বাসায় অবস্থান করেন। দিবাগত রাত ৩ টার দিকে শ্যামল বণিক ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টা করছে বলে জাতীয় নিরাপত্তা সেবার ৯৯৯ নম্বরে ফোন করে। পরে আমরা তাকে ওই বাসা থেকে উদ্ধার করি।’

হাফিজুর রহমান আরও জানান, অভিযুক্তকে ধর্ষণ করা হয়েছে কিনা তা নিশ্চিত হতে তার শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটককৃত শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.