Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে কর্মশালা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ নভেম্বর, ২০১৯

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ‘ফান্ডামেন্টালস অব ইক্যুইটি ভ্যালুয়েশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-০১ এ  লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী। কী-নোট স্পীকার হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের সহকারী অধ্যাপক কাশফিয়া শারমিন এবং প্রভাষক সাগিরা সুলতানা প্রভাতি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী  বলেন, আজকের এ কর্মশালা থেকে শিক্ষার্থীরা ক্যাপিটাল মার্কেটে কীভাবে ইনভেস্ট করতে হয় এবং কীভাবে কোন কোম্পানির শেয়ার ভ্যালুয়েশন করা যায় সে সম্পর্কে জানতে পেরেছে। তিনি আশা করেন এর ফলে শিক্ষার্থীদের এ ধরনের প্রতিষ্ঠানে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কী-নোট স্পীকার কাশফিয়া শারমিন বলেন, শিক্ষার্থীরা এ কোর্সের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ইকুইটি ভ্যালুয়েশন, ইনভেস্টমেন্ট ডিসিশন, এবং বিভিন্ন ধরনের ডিসকাউন্ট মডেল এবং ফ্রি ক্যাশফ্লো সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করবে। এর ফলে শিক্ষার্থীদের দেশের বিভিন্ন এসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সিকিউরিটি ফার্ম এবং ফাইন্যানশ্যাল ইন্সটিটিউশনে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।   

সভাপতির বক্তব্যে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান জানান, দেশ-বিদেশের বিভিন্ন কর্পোরেট হাউজগুলোতে এ বিভাগের শিক্ষার্থীদের সুদৃঢ় অবস্থান রয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে।

ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. সাজেদুল ইসলাম সরকারের কো-অর্ডিনেশনে কর্মশালায় ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক ফাতেমা ইয়াছমিন খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.