Sylhet Today 24 PRINT

শাবিতে সমাবর্তন: বর্ণিল সাজে সজ্জিত ক্যাম্পাস

শাবি প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২০

আসন্ন তৃতীয় সমাবর্তনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাস। বহুল প্রতীক্ষিত এ সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার ৮ জানুয়ারি।

সমাবর্তনকে ঘিরে পুরো ক্যাম্পাস সেজেছে বাহারি রঙে। ক্যাম্পাসের মূল ফটক, এক কিলো, গোলচত্বর, বঙ্গবন্ধু চত্বর, চেতনা একাত্তর, বিভিন্ন একাডেমিক ভবনগুলো রঙ-বেরঙে সাজানো হয়েছে। সংস্কার করা হয়েছে বিভিন্ন স্থাপনা, রাস্তাঘাট, বিভাগগুলোর করিডোর। কেন্দ্রীয় মিলনায়তন, আবাসিক হল, কেন্দ্রীয় লাইব্রেরি, গাছগাছালি এখন রঙ-বেরঙের সাজ ধরেছে।

এই সমাবর্তনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা আমেজের কমতি নেই শিক্ষক-শিক্ষার্থী ও সমাবর্তন প্রত্যাশীদের মাঝে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিভিন্ন সড়কের পাশে বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড ও নানা ডিজাইনের গেট ও বিভিন্ন তথ্যসংবলিত নির্দেশিকা টানানো হয়েছে, যা সমাবর্তনের আনন্দকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। বক্তা হিসেবে থাকবেন লেখতক ও কথাসাহিত্যিক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

এবারের সমাবর্তনে মোট ছয় হাজার ৭৫০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে স্নাতক চার হাজার ৬১৭ জন, স্নাতকোত্তর এক হাজার ১২৭, পিএইচডি দুজন, এমবিবিএস ৮৭৮, এমএস ও এমডি ডিগ্রিধারী ছয়জন এবং নার্সিংয়ের ১২০ জন শিক্ষার্থী রয়েছেন।

২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতকে সর্বোচ্চ ফলাফলধারী ১২ শিক্ষার্থী ও স্নাতকোত্তরে আট শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করা হবে। অন্যদিকে অনুষদে প্রথম হওয়া মোট ৮৯ জন শিক্ষার্থীকে ‘ভাইস চ্যান্সেলর’ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এদিকে সমাবর্তন উপলক্ষে পুরো ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আরও ৫০টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থা, এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সমাবর্তনে রেজিস্ট্রেশন করা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০১-০২ সেশনে শিক্ষার্থী কুমরি গৌরব রায় বলেন, সমাবর্তনে অংশগ্রহণ করতে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি। দীর্ঘদিন পর ক্যাম্পাসে এসে অনেক ভালো লাগছে। ক্যাম্পাস জীবনের স্মৃতিগুলো মনের মধ্যে বারবার নাড়া দিচ্ছে। আবারো পুরোনো বন্ধুবান্ধবের সাথে দেখা হয়ে পুরোনো দিনের কথা মনে পড়ছে। আশাকরি অনেক সুন্দর একটি দিন কাটবে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, সমাবর্তনের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রাষ্ট্রপতি ও গ্র্যাজুয়েটদের বরণ করে নিতে। সমাবর্তনকে কেন্দ্র করে আমাদের যা যা পরিকল্পনা ছিল তা বাস্তবায়ন হয়েছে। আশা করি সমাবর্তনে কোনোরকম ঘাটতি থাকবে না এবং শিক্ষার্থীদের সুন্দর একটি সুন্দর সমাবর্তন উপহার দিতে পারবো।

পরিশেষে সমাবর্তন সফলভাবে সম্পন্ন করার জন্য শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.