Sylhet Today 24 PRINT

শাবি-সিকৃবির ১২ জনসহ ১৭২ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২০

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই স্বর্ণপদক বিতরণ করবেন।

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রাপ্তদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছেন সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৭ জন ছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী রয়েছেন ৫ জন।

শাবিপ্রবির মোছা. ফারজানা আক্তার, সাবরিন আরা, নাফিসা তাসনীম নূশা, ফাহিমা সুমাইয়া লস্কর, নাবিলা আহমেদ, মো. শামীম রেজা সাইমুন এবং প্রমা দাস তালুকদার বিন্তী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক।

সিকৃবির পদকপ্রাপ্তদের মধ্যে আছেন ইসরাত জাহান ইমা, কুশনুদ তাবাচ্ছুম, দেবাশিস শর্মা, শামীমা শাম্মী এবং কাজী ফাইজুল আজিম।

ইউজিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবছর দেশের ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর/সিজিপিএ অর্জনকারী ১৭২ জন শিক্ষার্থী (৮৮ জন ছাত্রী ও ৮৪ জন ছাত্র) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০১৭ সালে ১৬৩ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। দেশের বিশ্ববিদ্যালয়সমূহের কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ প্রদানের জন্য ইউজিসি ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.