Sylhet Today 24 PRINT

চলে গেলেন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়

ওয়েব ডেস্ক |  ২৫ অক্টোবর, ২০১৫

কলকাতার জনপ্রিয় অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় আর নেই।

শনিবার রাত ২টা ৫৫ মিনিটে কলকাতার এক নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫০। মাল্টি অর্গান ফেলিওর হওয়ার কারণেই মৃত্যু হয়। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী ও ছেলেকে।

দুর্গা পূজার সপ্তমীর দিন বিকেলে হাওড়ার সাঁতরাগাছি স্টেশনের কাছে সাঁতরাগাছি ব্রিজের উপর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। শরীরের ডান অংশে মাল্টিপল ফ্র্যাকচার হয় তাঁর।

শুক্রবার দুপুর থেকে পীযূষের অবস্থার অবনতি হয়। অস্ত্রোপচারের সিদ্ধান্ত বাতিল করেন চিকিত্সকরা। রাখা হয় ভেন্টিলেশনে। শেষপর্যন্ত গভীর রাতে চলে গেলেন তিনি।

গুণী এই অভিনেতার জন্ম ঢাকার নারায়ণগঞ্জে। পরে কলকাতায় পাড়ি জমান। মঞ্চ ও ছোট পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। বিভাস চক্রবর্তীর অন্য থিয়েটারে নিয়মিত অভিনয় করেছেন। কাজ করেছেন বড় পর্দাতেও।

২০০৫ সালে মহুলবনীর সেরেং ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান ওপাড় বাংলার সুখ্যাত অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়। ছোট পর্দায় কাজ শুরু করেছিলেন ‘আবার যখের ধন’ সিরিয়ালে। ধীরে ধীরে ছোট পর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন। বর্তমানে অভিনয় করছিলেন ‘জল নূপুর’ ও ‘চোখের তারা তুই’ সিরিয়ালে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.