Sylhet Today 24 PRINT

প্রবীণ অভিনেতা মজিবুর রহমান দিলু আর নেই

বিনোদন ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০২১

বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রিয় অভিনেতা মুজিবুর রহমান দিলু আর নেই।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান।

তার বড় ভাই আতাউর রহমান এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

আতাউর রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, আমার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা, কীর্তিমান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা মুজিবুর রহমান দিলু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আজ সকাল ৬টা ৩৫ মিনিটে এই পৃথিবীর মায়া ছেড়ে অসীমের যাত্রী হয়েছেন। সে জীবন যুদ্ধে যেমন ছিল এক পরাক্রান্ত সৈনিক, তেমনি ছিল এক বর্ণিল জীবনের অধিকারী। তার আত্মার চির শান্তি কামনাই দেশবাসীদের কাছে আমাদের প্রত্যাশা।জানুয়ারির শুরুর দিকে ফুসফুসের সংক্রমণ নিয়ে উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন ৬৯ বছর বয়সী মুজিবুর রহমান দিলু। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

মজিবুর রহমাম দিলুর অভিনয় শুরু মঞ্চ দিয়ে। ১৯৭২ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন তিনি। ১৯৭৬ থেকে নিয়মিত অভিনয় করেছেন। মাঝে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দিলু। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো: ‘তথাপি’, ‘সময় অসময়’, ‘সংশপ্তক’ ইত্যাদি।

বিটিভিতে প্রচারিত ‘সংশপ্তক’ নাটকে ‘বড় মালু’ চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছিলেন মজিবুর রহমান দিলু। অনেকে তাকে ‘বড় মালু’ নামেই চেনেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.