Sylhet Today 24 PRINT

নতুন সিনেমায় স্পর্শিয়া

সিলেটটুডে ডেস্ক |  ২০ জানুয়ারী, ২০২১

আলোচিত ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনার ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ‘ফিরে দেখা’ সিনেমায় এই অভিনেত্রীর নাম চূড়ান্ত হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে অর্চিতা স্পর্শিয়া বলেন, ‘রোজিনা আপুর নিজের দেখা মুক্তিযুদ্ধের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এখানে আমার বিপরীতে অভিনয় করছেন নিরব। ১ মার্চ থেকে রাজবাড়ীতে এ সিনেমার শুট শুরু হওয়ার কথা রয়েছে।’

জানা গেছে, পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেবেন রোজিনা নিজেও। তাঁর বিপরীতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনকে। মুক্তিযুদ্ধের সময় গোয়ালন্দ উপজেলার কুমড়াকাধি গ্রামের একটি পরিবারের গল্প নিয়ে সিনেমাটির চিত্রনাট্য করেছেন রোজিনা নিজেই।

এদিকে, ‘ছক’ শিরোনামে একটি ৯০ মিনিটের ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তাহসান রহমান খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.