Sylhet Today 24 PRINT

শেখ হাসিনা চরিত্রে অপু বিশ্বাস

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০২১

দুই দিন আগেই অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান। এ সময় জানানো হয়েছিল শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং। তবে শেখ হাসিনার চরিত্রে কে অভিনয় করছেন তা জানানো হয়নি সে সময়।

এবার সেই খবরই জানালেন সিনেমাটির নির্মাতা অনন্যা রুমা। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানলেন, শেখ হাসিনা চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সেখানে নির্মাতা অনন্যা রুমা লেখেন, ‘আমার পরিচালনায় নতুন চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির নাম দেয়া হয়েছে ‘‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’'। নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই ছবিতে আরও অনেক গুণী শিল্পীও আছেন।'

এই সিনেমার পুরো টিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। নির্মাতা জানান, পাঁচ ভাষায় এই সিনেমাটি নির্মাণ করা হবে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেড গত শুক্রবার শুভ মহরত আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.