Sylhet Today 24 PRINT

চেন্নাইয়ে হবে ধানুশের প্রাসাদসম বাংলো

বিনোদন ডেস্ক |  ২৮ জুন, ২০২১

দক্ষিণি সুপারস্টার ধানুশ হিট ছবি আর হিট গান ছাড়াও নিজের ব্যক্তিগত জীবনযাত্রা নিয়েও প্রায়ই খবরের শিরোনাম হন। যেমন এই মুহূর্তে তার নতুন বাড়ি ঘিরে চর্চা হচ্ছে। বেশ কিছুদিন ধরেই তার স্বপ্নের বাড়ি নিয়ে আলোচনায় আছেন ধানুশ। জানা গেছে, চেন্নাইয়ে প্রাসাদসম একটি বাংলো নির্মাণ করছেন তিনি।

ধানুশ আরেকটি পরিচয় হচ্ছে তিনি সুপারস্টার রজনীকান্তের জামাই। রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে ২০০৪ সালের ১৮ নভেম্বর বিয়ে করেন ধানুশ।

তার শ্বশুর রজনীকান্ত চেন্নাইয়ের অভিজাত এলাকা পোয়েস গার্ডেনে থাকেন। সেখানেই হবে ধানুশের স্বপ্নের ঠিকানা। জোর খবর, ধানুশের নতুন বাসাটি ১৯ হাজার বর্গফুট জায়গার ওপর নির্মিত হতে চলেছে। চারতলা এই বাংলোটি নির্মাণ করতে ১৫০ কোটি রুপি বা এর বেশি খরচ হবে।

ধানুশ এই মুহূর্তে মার্কিন মুলুকে একটি স্পাই অ্যাকশন থ্রিলার ছবির শুটিংয়ে ব্যস্ত। জানা গেছে, নেটফ্লিক্সের এই সিনেমার নাম ‘দ্য গ্রে ম্যান’। এই ছবি সম্পর্কে ধানুশ বলেছেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এই সিনেমায় আমার সঙ্গে আছেন রায়ান গসলিং আর ক্রিস ইভানস। ছবিটি পরিচালনা করতে চলেছেন রুশো ব্রাদার্স (অ্যান্থনি এবং জো)।

ধানুশ অভিনয়, গান, পরিচালনা, প্রযোজনা, লেখনীর মাধ্যমে প্রায় ২০ বছর ধরে তামিল দর্শককে মনোরঞ্জন করে চলেছেন। দুটি হিন্দি ছবিতেও কাজ করেছেন তিনি

শিগগিরই আরেকটি হিন্দি ছবিতে দেখা যাবে। আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ ছবিতে অভিনয় করছেন এই দক্ষিণি সুপারস্টার। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন সারা আলী খান ও অক্ষয় কুমার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.