Sylhet Today 24 PRINT

হানি সিংয়ের বিরুদ্ধে স্ত্রীর যৌন হেনস্তার মামলা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০২১

বলিউডের জনপ্রিয় গায়ক “ইয়ো ইয়ো হানি সিংয়ের” বিরুদ্ধে যৌন হেনস্তাসহ একাধিক অভিযোগ তুলে মামলা করেছেন তার স্ত্রী শালিনী তালওয়ার। মঙ্গলবার (৩ আগস্ট) দিল্লির তিস হাজারি কোর্টে এ মামলা দায়ের করেন তিনি।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিংয়ের আদালতে মামলাটি করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আদালতে করা অভিযোগে শালিনী হানি সিংয়ের বিরুদ্ধে, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হেনস্তা, সম্পদ বাজেয়াপ্ত, আর্থিক তাচ্ছিল্য, মাদকাসক্তি এবং একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্কের কথা জানিয়েছেন।

মঙ্গলবার শালিনীর পক্ষে আইনজীবী সন্দীপ কৌর, অপূর্বা পাণ্ডে ও জিজি কাশ্যপ আদালতে মামলাটি করেন। তাদের আবেদন শোনার পর হানি সিংকে নোটিশ পাঠানো হয়েছে এবং ২৮ অগস্টের মধ্যে তার বক্তব্য আদালতে জমা দিতে হবে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হানি সিং ও শালিনীর নামে থাকা যৌথ সম্পত্তি বিক্রি করা যাবে না বলেও জানিয়ে দিয়েছেন আদালত।

২০১১ সালে তারা বিয়ে করলেও সে কথা তিন বছর গোপন রেখেছিলেন হানি সিং। ২০১৪ সালে “রকস্টার” নামের একটি রিয়্যালিটি শোতে দর্শকদের সঙ্গে স্ত্রী শালিনীকে পরিচয় করিয়ে দেন এ গায়ক। এরপরও অবশ্য তাদের সংসার জীবনের তেমন কোনো তথ্য বা ঘটনা সামনে আসেনি। শালিনী ও হানি সিংয়ের সম্পর্ক ২০ বছরের।

উল্লেখ্য, ২০১১ সালে “ককটেল” ছবিতে “আংরেজি বিট” গানটি ছিল হানির জনপ্রিয়তার প্রথম ধাপ। এরপর একে একে “ব্লু আইজ”, “হাই হিল” “লুঙ্গি ডান্স”-এর মতো একাধিক গান হিট হওয়ার পর তিনি হয়ে ওঠেন দর্শকনন্দিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.