Sylhet Today 24 PRINT

নুসরাতের ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত

বিনোদন ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০২১

ঈশান, কলকাতার অভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহানের ছেলে। ২৬ আগস্ট জন্ম হয়েছে তার। জন্মের আগে থেকেই ছেলের বাবার পরিচয় নিয়ে রহস্য চলছিল। নুসরাত তার ছেলের বাবার নাম না জানানোর জন্যই এত রহস্য।

কিন্তু এবার সেই ধোঁয়াশা কাটল। বুধবার জানা গেল ঈশানের বাবা কে।

কলকাতা পৌরসভার ওয়েবসাইট দেখে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ছেলের নাম ঈশান জে দাশগুপ্ত। বাবার নামের পাশে লেখা দেবাশিস দাশগুপ্ত ওরফে যশ। তার নিচে মায়ের নামের পাশে লেখা নুসরাত জাহান রুহি।

নুসরাত তার ছেলে ঈশানের জন্মের প্রশংসাপত্রের জন্য যে তথ্য দিয়েছেন, তাতে বাবার নাম হিসেবে দেয়া হয়েছে যশের নাম। তা ছাড়া, বাবার পদবিই ব্যবহার করা হয়েছে ছেলের পদবি হিসেবে।

এ নিয়ে তারকাযুগল প্রকাশ্যে এখনও কোনো কথা বলেননি।

গত শনিবার যশকে নিয়ে কোভিড ভ্যাকসিন নিতে এসে চিকিৎসক সুব্রত রায়চৌধুরীর কাছ থেকে পুত্রের জন্ম শংসাপত্রে বাবার নামের জায়গায় ফাঁকা রাখা নিয়ে আইনি জটিলতার তথ্য জেনে নেন নুসরাত।

এক বছর ধরে সন্তানের পিতৃপরিচয় নিয়ে বহু কটূক্তি, কটাক্ষ, কৌতূহলের মুখোমুখি হতে হয়েছে যশ-নুসরাতকে। নেটমাধ্যমে আকারে-ইঙ্গিতে অনেক কথাই বলতে চেয়েছেন নুসরাত কিন্তু পরিষ্কার কোনো তথ্য দেননি।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসে নুসরাত জানিয়েছিলেন, ছেলের বাবা কে সেটা বাবাই জানে। সেই খবর প্রকাশ পেল এবার।

অন্যদিকে যশ এর আগে একটি বিয়ে করেছিলেন। সেই ঘরে দশ বছরের একটি ছেলে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.