Sylhet Today 24 PRINT

শেহজাদ খান আমার ও বুবলির সন্তান: শাকিব

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২২

সব জল্পনার অবসান ঘটিয়ে সন্তানের ছবি ও নাম প্রকাশ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বুবলী। সন্তানের বাবা হিসেবে শাকিব খানের নাম প্রকাশ করে তার একটি ফেসবুক পোস্টের পর একই ধরনের পোস্ট দিয়ে এই সন্তানের স্বীকৃতি দিয়েছেন শাকিব।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী বুবলী। এর মধ্যে শেহজাদকে কোলে নিয়ে শাকিব খানের বসে থাকার ছবিও রয়েছে।

দুপুর ১২টার দিকে বুবলী প্রথমে পোস্ট দেন। এর কয়েক মিনিটের মাথায় ভেরিফায়েড পেজে পোস্ট দেন শাকিবও। তিনিও পোস্ট করেছেন ছেলেকে কোলে নিয়ে বসে থাকার সেই ছবি।

তবে বিয়ে কবে হয়েছে বা সন্তানের জন্মের তারিখ নিয়ে এই তারকা জুটির কেউই কোনো তথ্য দেননি। অবশ্য শেহজাদের বয়স আড়াই বছর হতে পারে বলে খবর বেরিয়েছে আগেই।

ফেসবুকে বুবলী লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে, তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।

‘শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

শাকিব খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

‘শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.