Sylhet Today 24 PRINT

অনন্ত জলিলের সিনেমার পরিচালককে হত্যার হুমকি, থানায় জিডি

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০২৩

চিত্রনায়ক অনন্ত জলিলের সদ্য মুক্তিপ্রাপ্ত একটি সিনেমার প্রযোজক ও পরিচালক মোহাম্মদ ইকবালকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের একজন। এজন্যে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত শনিবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা ‘কিল হিম’-এর পরিচালক মোহাম্মদ ইকবাল।

সোমবার (২৪ এপ্রিল) সকালে গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইকবাল; যার নম্বর-১৩৮১।

সাধারণ ডায়েরি থেকে জানা যায়, রোববার মধ্যরাত দুইটার দিকে অজ্ঞাতনামা একজন মোহাম্মদ ইকবালকে ফোন করে বড় ধরনের ক্ষতি ও গালাগালিসহ প্রাণনাশের হুমকি দেয়। এরপর সকালে তিনি ছুটে যান গুলশান থানায়।

মোহাম্মদ ইকবাল বলেন, ‘কে বা কারা এই কাজটি করেছে, তা আমার জানা নেই। রাতে যেভাবে সেই লোকটি কথা বলেছে, মনে হয়েছে তারা কিছু একটা করার পরিকল্পনা করছে। তাই আমি বাধ্য হয়ে থানায় গিয়েছি।’

হুমকির কারণ প্রসঙ্গে ইকবাল বলেন, ‘ধারণা করছি, আমার ঈদের ছবিটি বেশ ভালো চলছে। হয়তো কোনো পক্ষ এটা চাইছে না। এ কারণেই আমাকে ভয় দেখাচ্ছে। আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, তারাই এর ব্যবস্থা নেবে।’

কিল হিম দিয়ে প্রথমবার নিজস্ব প্রযোজনার বাইরে অভিনয় করলেন অনন্ত জলিল। সুনান মুভিজের ব্যানারে নির্মিত ও মো. ইকবাল পরিচালনায় এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব ও অ্যামি রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.