Sylhet Today 24 PRINT

বৌ-শ্বশুরের যুদ্ধ!

বিনোদন ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৬

বৌয়ের সাথে মূলত শ্বাশুরির যুদ্ধ বাক্যটি শুনেই সবাই অভ্যস্ত! প্রচলিত কথায় ‘বৌ-শ্বশুর’-এর যুদ্ধ কথাটি না শোনা গেলেও বলিউডের জনপ্রিয় এবং দাপুটে ‘বচ্চন পরিবার’-এর বদৌলতে নতুনভাবে শোনা গেল। হ্যাঁ। বলছিলাম বচ্চন পরিবারের পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চন এবং এই পরিবারের শেকড় মেগাস্টার খ্যাত অমিতাভ বচ্চনের কথা!

সবকিছু প্রস্তুত। যুদ্ধের ঘোষণাও ঠিক হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা। আগেকার দিনের মল্লযুদ্ধের মত আগে থেকেই ঘোষণা দিয়ে যুদ্ধের মত ঐশ্বরিয়া ও অমিতাভ বচ্চন নামছেন যুদ্ধে। তবে তা আগ্নেয়াস্ত্রহীন এক রক্তপাতহীন যুদ্ধ! ভনিতা না করে বললে বলা চলে, বক্স অফিস দখলে প্রথমবার যুদ্ধে জড়িয়ে যেতে চলেছেন পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অমিতাভ বচ্চন।

জানা গেছে, বর্তমান সময়ে ঋভু দাশ গুপ্তের ছবি ‘তিন’-এ কাজ করছেন অমিতাভ বচ্চন। যা মুক্তির তারিখ হিসেবে ঘোষণা করা হয়েছে আসছে মে মাসের ২০ তারিখে। আর অন্যদিকে পাকিস্তানে নিহত ভারতীয় যুবক সর্বজিতের আত্মজীবনীমূলক সিনেমা ‘সর্বজিত’-এ অভিনয় নিয়ে ব্যস্ত পুত্রবধু ঐশ্বরিয়া রাই। আর এই ছবিটিও মুক্তি দেয়া হবে আসছে মে মাসের ২০ তারিখে। ফলত শ্বশুর ও পুত্রবধু অজান্তেই প্রথমবারের মত বক্স অফিস দখলের যুদ্ধে জড়িয়ে যেতে চলেছেন একে অপরের বিরুদ্ধে!

২০ মে রিলিজের ঘোষণা দিলেন সর্বজিতের বায়োপিক নির্মাতা অমুং কুমার। যদিও আইপিএল-এর জন্য পিছিয়ে দেয়ার কথা ভাবছিলেন তিনি। কিন্তু পরে ভেবে চিন্তে ২০ মে-কেই মুক্তির তারিখ ঘোষণা করলেন তিনি।

আর ঋভু দাশগুপ্তের ‘তিন’ নামের একটি ছবির শুটিংয়ে ব্যস্ত বলিউডের সুপারস্টার বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। ‘তিন’ ছবিটি প্রযোজনা করছেন সুজয় ঘোষ। ছবিটিতে এই অমিতাভ ছাড়াও আছেন ‘ডার্টি পিকচার’ খ্যাত অভিনেত্রী বিদ্যা বালান এবং গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘তিন’-এ প্রযোজনার বিশেষ দায়িত্বে রয়েছেন সুজিত সরকার।

অন্যদিকে সর্বজিৎ-এর বায়োপিকে অভিনয় করছেন ঐশ্বরিয়া। এরইমধ্যে ছবিটির শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। ছবিতে ভারতীয় যুবক সর্বজিতের বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।

এখন সবাই মুখিয়ে আছে প্রথমবার বৌ-শ্বশুরের যুদ্ধ দেখতে। যদি সর্বজিত কিংবা তিন নির্মাতা মুক্তির তারিখ এদিক-সেদিক না করেন, তাহলে সত্যি সত্যিই বক্স অফিস দখলের যুদ্ধটা জমে উঠবে ঐশ্বরিয়া ও অমিতাভের মধ্যে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.