Sylhet Today 24 PRINT

আগের সেই ‘ব্ল্যাক’ একসঙ্গে, এক মঞ্চে

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০২৪

ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) কনসার্টে আগের রূপে ফিরেছে শূন্য দশকের সফলতম ব্যান্ড ‘ব্ল্যাক’। দীর্ঘদিন পর একসঙ্গে গান গাইল তারা।

‘ব্ল্যাক’ ব্যান্ড দল প্রথম অ্যালবাম দিয়েই নিজস্ব ছাপ রাখতে সক্ষম হয়। এরপর নতুন গান আর কনসার্টে মাতিয়ে রেখেছিল সে সময়ের তরুণদের। একটা সময় পর জগতের চেনা নিয়মে ভাঙন ধরে এ ব্যান্ডেও। কমতে থাকে জৌলুস। হারিয়ে যায় সময়ের শ্রোতে।

নিজেরা হারিয়ে গেলেও শ্রোতাদের মন থেকে হারিয়ে যায়নি ব্ল্যাক। ব্যান্ডটির সব মেম্বারের একসঙ্গে পারফর্ম করতে দেখার আগ্রহ শ্রোতামনে সুপ্ত থেকেই গেছে। গানের জলসা মাতানো সেই লাইনআপে যদি ব্যান্ডটি ফিরত আবারও!

ভক্তদের সেই চাওয়া থেকেই পুরোনো লাইনআপে হয়ে গেল ব্ল্যাকের পুনরুত্থান কনসার্ট। শুক্রবার রাজধানীর পূর্বাচলে অবস্থিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর এক্সপো জোনে ব্ল্যাক মাতালো শ্রোতা-ভক্তদের।

২০ বছর পর এক হয়ে মঞ্চ মাতালেন ব্যান্ডের দলছুট সদস্যরা। গাইলেন একসঙ্গে। সঙ্গে গাইল সামনে থাকা হাজার হাজার দর্শক। যেন দুই দশক আগের স্মৃতির পুনরাবৃত্তি ঘটে এক মঞ্চে। তাহসান-জন-জাহানেরা মাতালেন দর্শকদের; মুগ্ধ করলেন।

প্রতিষ্ঠার সময় থেকে এখনো ‘ব্ল্যাক’-এর হাল ধরে রেখেছেন গিটারিস্ট খাদেমুল জাহান।

পুনর্মিলনের মঞ্চে তিনি বলেন, ‘এ সময়ের শ্রোতারা ব্ল্যাক’-এর নাম শুনেছে। কিন্তু কনসার্ট দেখার সুযোগ অনেকেরই হয়নি। আজ হলো। আপনাদের সবার কাছে আমাদের কৃতজ্ঞতা।

কনসার্টে আরও অংশ নেন ওয়ারফেইজের সাবেক লিড গিটারিস্ট অনি হাসান, ক্রিপটিক ফেইট, পপে, রিকল, ওল্ড স্কুল, ফারুক ভাই, প্রোজেক্ট ব্যান্ড দল। তবে কনসার্টের মূল আকর্ষণ ছিল ওয়ারফেইজের সাবেক লিড গিটারিস্ট অনি হাসান ও ব্ল্যাক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.