Sylhet Today 24 PRINT

ভাইয়ের মরদেহ আনতে আজই যুক্তরাষ্ট্র যাচ্ছেন হামিন

বিনোদন ডেস্ক |  ২৫ জুলাই, ২০২৪

মাইলস নিয়ে শাফিন আহমেদ ও হামিন আহমেদের দ্বন্দ আপাতত শেষ। প্রয়াত ভাইয়ের মরদেহ আনতে যুক্তরাষ্ট্র রওনা হচ্ছেন বড় ভাই হামিন। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতেই তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন। এই মুহূর্তে সেখানকার কয়েকজন নিকটাত্মীয়র তত্ত্বাবধানে রয়েছে শাফিনের মরদেহ।

বৃহস্পতিবার সকাল ৭টা ৫৫ মিনিটে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন শাফিন আহমেদের স্ত্রী নাহীন আহমেদ। সে সময় তিনিও কেবল স্বামীর মৃত্যু সংবাদ পেয়েছিলেন। ফুপিয়ে কাঁদতে কাঁদতে তিনি কেবল বলেন, ‘হার্ট অ্যাটাক।’

যুক্তরাষ্ট্রের একটি সূত্র জানিয়েছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শাফিন আহমেদকে হাসপাতালে নেওয়া হয়। দুদিন লাইফ সাপোর্টে রাখার পর আজ ভোর ৬টা ৫০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম ও সংগীতজ্ঞ কমল দাশগুপ্তর ছেলে শাফিন আহমেদ ছিলেন দুই বাংলার প্রিয় ব্যন্ডতারকা। তাদের ব্যান্ড মাইলস গত নব্বই দশক থেকেই জনপ্রিয়।

মাইলসের বেশির ভাগ গানে কণ্ঠ দিয়েছেন শাফিন আহমেদ। তাদের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’। শাফিন আহমেদের মরদেহ ঢাকায় এলে যথাযথ শ্রদ্ধা নিবেদনের পর দেশেই তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.