Sylhet Today 24 PRINT

আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তারে ১১ সংগঠনের প্রতিবাদ

সিলেটটুডে ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০২৪

দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনয় ও আবৃত্তিশিল্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদ সদস্য আসাদুজ্জামান নূরকে গত রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। মিরপুরের একটি হত্যা মামলায় তার সংযোগ রয়েছে এমন অভিযোগে তিনি গ্রেপ্তার হন।

আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করায় দেশের সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষ বিস্মিত ও উদ্বিগ্ন হয়েছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন মাধ্যমের ১১টি সংগঠন এই গ্রেপ্তরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

গতকাল এই লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে সংগঠনগুলো। একইসঙ্গে নূরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে।

বিবৃতিদাতা সংগঠনগুলো হলো- সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.