Sylhet Today 24 PRINT

বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস চালু করতে সভা

সিলেটটুডে ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২৪

উর্দু সার্ভিসের সম্প্রচার আবার চালু করতে পর্যালোচনা সভা করেছে বাংলাদেশ বেতার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বেতারের ওয়েবসাইটেও এদিন বেলা ১১টায় এ সভা ডাকার নোটিস প্রকাশ করা হয়।

সভায় কী সিদ্ধান্ত হয়েছে, এ বিষয়ে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মো. ছালাহ্ উদ্দিন গণমাধ্যমকে এ প্রসঙ্গে বলেন, এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত না হলে তো কিছু বলা যায় না। সিদ্ধান্ত হলে মহাপরিচালকের অনুমোদন হবে, মন্ত্রণালয়ে যাবে। তারপর বলা যাবে।

বেতারের পরিচালক শাহানাজ বেগমের সই করা নোটিসে সভা ডাকার তথ্য জানানো হয়।

এতে বলা হয়, “তালিকাভুক্ত শিল্পীদের পক্ষে ড. এ সালাম বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে উর্দু সার্ভিসের সম্প্রচার পুনরায় চালু করার জন্য গত ১০ সেপ্টেম্বর বেতারের মহাপরিচালক বরাবর আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) বৃহস্পতিবার সকাল ১১টায় এ সভাটি করতে নির্দেশ দেন।“

সভায় অনুষ্ঠান, প্রকৌশল ও বার্তা শাখার প্রধানসহ সদর দপ্তর ও ঢাকায় ইউনিট বা কেন্দ্র প্রধানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) অনুরোধ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.