Sylhet Today 24 PRINT

অতঃপর শুভ-ফারিয়া জুটি

বিনোদন ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৬

শুরুতে ‘আশিকী’ ছবির নাম ছিল ‘প্রেমী ও প্রেমী’। দেশের নবাগত নায়িকা নুসরাত ফারিয়া অভিনীত প্রথম ছবি। কিন্তু ছবি মুক্তির আগমুহূর্তে হঠাৎ নামে আনা হয় পরিবর্তন।

শুভ ও নুসরাত ফারিয়াতবে ‘প্রেমী ও প্রেমী’ নামটি বাতিল হয়ে যায়নি। নতুন একটি ছবির নাম রাখা হয় এটি। যার নায়িকা নুসরাত ফারিয়া আর নায়ক হিসেবে শোনা গিয়েছিল কলকাতার ওমের কথা। তবে এখানেও এবার বড় পরিবর্তন এলো। ছবিতে নায়ক হিসেবে মঙ্গলবার দুপুরে চুক্তিনামায় স্বাক্ষর করল আরিফিন শুভর। যৌথ প্রযোজনার এ ছবিটির অপর প্রযোজক হিসেবে আছে ওপার বাংলার এসকে মুভিজ।

ছবিটি নিয়ে আরিফিন শুভ বলেন, ‘গল্পটা খুব সুন্দর। মিষ্টি। ব্যানার (প্রযোজনা প্রতিষ্ঠান) মজবুত। নায়িকা ফারিয়াও সহশিল্পী হিসেবে বেশ। সবমিলিয়ে বলতে পারেন ব্যাটে-বলে পুরোপুরি মিলে গেল। দেরি না করে স্বাক্ষর করে ফেললাম। ৫ মে থেকে শ্যুটিংয়ে যাচ্ছি আমরা।’

এদিকে ফারিয়া বলেন, ‘‘প্রেমী ও প্রেমী’ নামটা অনেক সুন্দর। যা গল্পের সঙ্গে যায়। এ কারণে এই গল্পের নাম এটি রাখা। আশা করছি ভালো কিছু হবে।’

‘প্রেমী ও প্রেমী’ ছবিটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। কলকাতার বিভিন্ন স্পটে শ্যুটিংয়ের পর ঢাকা, বান্দরবান এবং হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির দৃশ্য ধারণ করা হবে।

প্রসঙ্গত, ছবিতে এবারই প্রথম জুটি হয়ে আসছেন শুভ-ফারিয়া। এর আগে গত বছর প্রথম জুটিবদ্ধ হয়ে ‘মিস্টার কুকিজ’ বিস্কুটের বিজ্ঞাপনে মডেল হন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.