Sylhet Today 24 PRINT

বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০২৫

বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল মারা গেছেন।

শুক্রবার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বছর।

চলচ্চিত্রে দীর্ঘ সাত দশকের যাত্রা শেষে বিদায় নিলেন এক সোনালি যুগের সাক্ষী।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কামিনী কৌশল সাধারণ জীবনযাপন করতেন এবং মৃত্যুর পর তাদের ব্যক্তিগত সময়কে সম্মান জানাতে সবাইকে অনুরোধ করা হয়েছে। এ অভিনেত্রী দীলিপ কুমার থেকে শাহরুখ খান- অনেক খ্যাতিমান নায়কদের সহশিল্পী হিসেবে কাজ করেছেন।

১৯২৭ সালে জন্ম নেওয়া এই অভিনেত্রী বলিউডে প্রথম পা রাখেন ১৯৪৬ সালের ছবি ‘নীচা নগর’র মাধ্যমে। প্রথম ছবিই পৌঁছে যায় কান চলচ্চিত্র উৎসবে, আলোড়ন তোলে আন্তর্জাতিক মঞ্চে। এরপর শুরু হয় তার দীর্ঘ, সফল ও উজ্জ্বল পথচলা।

সাদা–কালো যুগ থেকে রঙিন পর্দা—সবখানেই ছিল তার দাপুটে উপস্থিতি। দিলীপ কুমার, রাজ কুমারের মতো কিংবদন্তিদের সঙ্গে যেমন কাজ করেছেন, তেমনি আধুনিক বলিউডেও রেখেছেন নিজের ছাপ। শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতেও দেখা যায় তাকে।

‘দো ভাই’, ‘শাহিদ’, ‘নদীয়া কে পার’, ‘জিদ্দি’, ‘শবনম’, ‘আরজু’, ‘ঝঞ্জার’, ‘আব্রু’, ‘জেলর’, ‘গোদান’সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন তিনি। সাম্প্রতিক সময়েও ছিলেন কাজের মধ্যে; অভিনয় করেছেন ‘কবীর সিংহ’ ও ‘লাল সিং চড্ডা’ ছবিতেও।

দীর্ঘ অভিনয়যাত্রা শেষে আজ তিনি বিদায় নিলেন। রেখে গেলেন এক সমৃদ্ধ ইতিহাস, অসংখ্য স্মরণীয় চরিত্র এবং প্রজন্মের পর প্রজন্মকে আলোয় ভরিয়ে তোলার গল্প।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.