Sylhet Today 24 PRINT

‘টক্সিক’-এ কিয়ারা-নয়নতারার পর রুদ্র রূপে তারা সুতারিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২৬

গীতু মোহনদাস পরিচালিত আসন্ন ছবি ‘টক্সিক: অ্যা ফেইরিটেল ফর গ্রোনআপস’ এ তারকাদের একের পর এক অভিনব পোস্টার দিয়ে ছবিটি নিয়ে ভক্তদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে । গেল দুই সপ্তাহের ব্যবধানে এ সিনেমার অভিনেত্রী কিয়ারা আদভানি ও নয়নতারার প্রথম লুক প্রকাশের পর এবার সামনে এলো তারা সুতারিয়ার প্রথম লুক। আজ সিনেমার টিম তারা সুতারিয়ার রুদ্র রূপের লুক নিয়ে তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্টার শেয়ার করেছে।

‘কেজিএফ’ সিরিজের মাধ্যমে ভারতীয় বাণিজ্যিক সিনেমার দৃশ্যপট বদলে দেওয়া কন্নড় সুপারস্টার যশ ফিরছেন নতুন এই সিনেমায়। বড় বাজেট,আন্তর্জাতিক পরিকল্পনা ও তারকাবহুল অভিনয়-সব মিলিয়ে ‘টক্সিক’ শুরু থেকেই আলাদা নজর কাড়ছে।


‘টক্সিক’ সিনেমায় রেবেকা চরিত্রে দেখা যাবে তারা সুতারিয়াকে, যেখানে তিনি থাকছেন তার চিরচেনা গ্ল্যামার ইমেজের বাইরে। পোস্টারে তামাটে রঙের পোশাক ও হাতে বন্দুক ও আত্মরক্ষায় দৃঢ়চেতা এক শক্তিশালী নারীর রূপে হাজির হয়েছেন তিনি।

গীতু মোহনদাস নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি সব সময়ই তারাকে নিয়ে ভিন্ন ধরনের এক চরিত্র অনুভব করেছি। শুটিংয়ে তিনি সেটাই প্রমাণ করে দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি বুঝেছিলাম, তাকে চাপ না দিয়ে সময় দিয়ে নিজের মতো করে থাকতে দেওয়াই সঠিক পথ। সে কথা কম বলত, বেশি শুনত। ওর নীরবতার মধ্যেই একটা শক্তিশালী কিছু তৈরি হচ্ছিল। যখন সে অভিনয়ে নিজেকে মেলে ধরল, তখন যা বেরিয়ে এলো, তা সত্যিই শ্বাসরুদ্ধকর। আমি নিশ্চিত, তারা দর্শকদেরও একইভাবে চমকে দেবে।’

যশের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে তারা সুতারিয়ার এই ‘রেবেকা’ অবতার যে দর্শকদের নতুন চমক দেবে, তা বলাই বাহুল্য।

সূত্র: এনডিটিভি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.