Sylhet Today 24 PRINT

এবার বিয়ের প্রলোভনে ‘টাকা আত্মসাৎ’ মা-স্ত্রীসহ নোবেলকে গ্রেপ্তারের আদেশ

সিলেটুডে ডেস্ক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেল, তার মা, স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এর আগেও ২০২৫ সালের ১৯ মে ‘ধর্ষণ ও মারধর’ অভিযোগে ডেমরা থানার একটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর, ২৪ জুন তিনি জামিন পান।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ দেন।

অভিযোগে বলা হয়েছে, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে তার প্রায় ১৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা নেওয়া হয়। মামলার অন্য আসামিরা এ কাজে সহযোগিতা করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলাম জানান, আদালত গায়ক নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা—এই পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
তিনি আরো জানান, গত বছরের ১৩ আগস্ট আদালতে মামলাটি করা হলে বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

তদন্ত শেষে পিবিআইয়ের এসআই নুরুজ্জামান গত ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। সোমবার মামলার ধার্য দিনে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অভিযোগ করেছেন, প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা নেন এবং পরে তা আত্মসাৎ করেন।

এ বিষয়ে বক্তব্য জানতে নোবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যমকে তার এক সহকারী অভিযোগটিকে ‘গুজব’ বলে দাবি করেন। পরে আবার ফোন করা হলে জানানো হয়, নোবেল রিহার্সেলে ব্যস্ত আছেন এবং সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.