Sylhet Today 24 PRINT

শুটিংয়ে গিয়ে সমুদ্রে ডুবে অভিনেতা রাহুলের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২৬

শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন ভারতীয় অভিনেতা রাহুল অরুণোদয়। এ তথ্য নিশ্চিত করেছেন রাহুলের সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, মাত্র ৪৩ বছর বয়সী টলিউডের জনপ্রিয় অভিনেতা ও সঞ্চালক রাহুল রবিবার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন দিঘার তালসারি সৈকতে।

দৃশ্যের দরকারে সৈকত থেকে পানিতে নামেন তিনি। সেখানেই তলিয়ে গেলে ইউনিট টেকনিশিয়ানরা উদ্ধার করেন। চোরাবালিতে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক ধারণা।

দিঘা হাসপাতালে অভিনেতাকে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে বলে খবরে জানানো হয়।

ধারাবাহিকে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, রবিবার সকালে ধারাবাহিকের সবাই দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। ভাস্করের কথায়, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে ওর। মর্মান্তিক ঘটনা। ঘটনাটি প্যাকআপের পরে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়।’

ভাস্কর আরও জানান, তারা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলেন। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। ‘কিন্তু এমন কিছু ঘটে যাবে ভাবতেও পারছি না। অবাক লাগছে। সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল। ভাবা যাচ্ছে না’- যোগ করলেন রাহুলের সহশিল্পী।

টলিউড আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে অভিনেতা দিগন্ত বাগচী জানিয়েছেন, শুটিং শেষ হওয়ার পরে রাহুল সৈকত থেকে সমুদ্রে নামেন। তিনি বলেন, ‘‘হয় ও সাঁতার জানতো না, বা কোনোভাবে আটকে পড়েছিল। হঠাৎ টেকনিশিয়নরা চিৎকার করতে করতে বলেন, ‘রাহুলদা ডুবে যাচ্ছে’। যখন উদ্ধার করা হয়, তখনও বেঁচে ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ওকে মৃত ঘোষণা করা হয়।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.