Sylhet Today 24 PRINT

অর্থ আত্মসাতের মামলায় বাবার গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন পূজা চেরী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০২৬

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়কে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে কোনোভাবেই এই নায়িকা সম্পৃক্ত নন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

পূজা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা ফোন এবং বার্তায় জানতে চাইছেন। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।’

দীর্ঘ প্রায় এক যুগের ক্যারিয়ার পূজার। এই সময়ে তিনি কখনোই এমন ঘটনার সঙ্গে জড়িত নন। তিনি লিখেছেন, ‘আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।’

নিজের অবস্থান পরিষ্কার করে এই নায়িকা আরও লিখেছেন, ‘আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নই।’

পূজা জানিয়েছেন, দীর্ঘ ক্যারিয়ারে শিল্পী হিসেবে তিনি সব সময় দর্শকদের ভালোবাসা পেয়েছেন এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছেন। কিন্তু পরিবারের এমন ঘটনা তাঁর জন্য কষ্টদায়ক উল্লেখ করে লিখেছেন, ‘পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদ্‌ঘাটিত হবে।’

এমন ঘটনায় অনেকেই এই অভিনেত্রীকে জড়ানোর চেষ্টা করছেন। তাদের প্রতি অনুরোধ জানিয়ে পূজা লিখেছেন, ‘এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।’

মামলাটি নিয়ে সবশেষে পূজা চেরীর মন্তব্য, ‘মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.