Sylhet Today 24 PRINT

আজ আমাদের মন খুশি, মনে হচ্ছে আবার স্বাধীনতা পেলাম: মমতাশঙ্কর

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০২৬

তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কলকাতার ছোটপর্দা থেকে বড়পর্দার অনেক শিল্পীই।

সেখানে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজারকে বর্ষীয়ান অভিনেত্রী মমতা শঙ্কর বলেন, “মনে হচ্ছে আমরা আবার স্বাধীনতা পেলাম।”

শনিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়।

সাদা পাঞ্জাবি পরে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন অভিনেতা জিৎ। আরও ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, পণ্ডিত অজয় চক্রবর্তী, তেজেন্দ্র নারায়ণ মজুমদারসহ অনেকে।

এ ছাড়াও অঞ্জনা বসু, ত্রমিলা ভট্টাচার্য, ঋষি কৌশিক, কৌশিক রায়, সঙ্ঘমিত্রা ভট্টাচার্যও গিয়েছিলেন অতিথি হয়েছে।

শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বের হয়ে সাংবাদিকদের মমতাশঙ্কর বললেন, “সবাইকে দেখে মনে হল খুব খুশি। শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষের ভালো হোক। আমাদের সৎ হতে হবে। আমাদের নিয়মের মধ্যে থাকতে হবে। না হলে কেউ এসে কিছু করতে পারবেন না। অন্যায় দেখলে শাস্তি দিতে হবে।”


তিনি যোগ করেন, “আজ আমাদের মন খুশি।”

একই খুশির স্বর শোনা গেছে ঋষি, ত্রমিলার কণ্ঠেও।

ঋষি বললেন, “সক্রিয় ভাবে রাজনীতি না করলেও বরাবরই বিজেপি দলের মতে সমর্থন রয়েছে আমার। আগে কখনও রাজনৈতিক মঞ্চে যাইনি। কোনও অনুষ্ঠানেও উপস্থিত হইনি। কিন্তু আমন্ত্রণ এসেছিল। এই প্রথম রাজনৈতিক অনুষ্ঠানের সাক্ষী থাকলাম। একেবারে অন্য ধরনের অনুভূতি। কত কত মানুষ এসেছেন। ভালো লাগল।”

অভিনেত্রী অঞ্জনা জানিয়েছেন, অনেক দিন আগেই শনিবারের জন্য শুটিং থেকে ছুটি নিয়ে রেখেছিলেন ঘুরতে যাবেন বলে। কিন্তু, শপথগ্রহণের দিন ঘোষণার পরে বাতিল করেন সেই পরিকল্পনা। বিশেষ দিনের সাক্ষী হতে চেয়েছিলেন অঞ্জনা। তাই জ্বর নিয়েও ব্রিগেডে গিয়েছিলেন অভিনেত্রী। এই দিন ধারাবাহিকের শুটিং থেকে ছুটি নিয়েছিলেন অভিনেত্রী ত্রমিলাও।

নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার জন্য এই দিন অনেক সকালেই বাড়ি থেকে বেরিয়েছেন শিল্পীরা। অভিনেত্রী ত্রমিলা জানিয়েছেন, প্রাতরাশ না করেই তিনি বাড়ি থেকে বের হন শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য।

তিনি বলেন, “উপস্থিত হয়ে মন ভরে গেল। সবাই মার্জিত, শিক্ষিত মানুষ। ভিড় হয়েছে। কিন্তু এক শান্তির অনুভূতি।”

ত্রমিলা নিয়মিত ধারাবাহিকে অভিনয় করেন। এদিনের বিশেষ অনুষ্ঠানের জন্য ছুটি নেন তিনি।

রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তার পিঠ চাপড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে উত্তরীয় পরিয়ে দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মন্ত্রী হিসেবে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু। তারা কে কোন দপ্তর সামলাবেন, তা ঘোষণা করা হয়নি।

বিধানসভা নির্বাচনে জয়ী দলের ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে শুক্রবার বৈঠক করে শুভেন্দুকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা ঘোষণা করেন বিজেপি নেতা অমিত শাহ। নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের পরিষদীয় দলনেতাই রাজ্যের মুখ্যমন্ত্রী হন।

গত পাঁচ বছর ধরে বিধানসভায় প্রধান বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীই ছিলেন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে বিজেপির আন্দোলন সংগ্রামের প্রধান মুখ। রাজ্যে সন্ত্রাস, ‘অনুপ্রবেশ’, অবৈধ অভিবাসী, দুর্নীতিসহ নানা ইস্যুতে ‘ঝাঁঝালো’ মন্তব্য করে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ২৯৩টির ভোটের ফল জানা গেছে গত ৪ মে। এর মধ্যে ২০৭টিতে জিতে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

তৃণমূল ৮০টি আসনে জিতেছে এবং ৬টি আসন পেয়েছে বাম, কংগ্রেস ও অন্যান্য দলগুলো। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ফলতা কেন্দ্রে মে ২১ পুনর্নির্বাচন হবে।

এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এবার বিজেপির গেরুয়া সুনামিতে ভেসে গেছে তৃণমূল কংগ্রেসের নীল দুর্গ। টানা ১৫ বছর ধরে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে ধসিয়ে দিয়ে ইতিহাস গড়েছে বিজেপি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.