Sylhet Today 24 PRINT

ঈদের রাতে এলো প্রিন্স মাহমুদ-তুহিনের নতুন গান ‘জোছনায় ভাসা শহর’

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২৬

ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের অন্যতম শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘জি-সিরিজ’-এর ব্যানারে মুক্তি পেয়েছে নতুন গান। সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ (Story of Dodo) চলচ্চিত্রের ‘জোছনা’ শিরোনামের এই গানটি গত বুধবার (২৭ মে) ‘জি-সিরিজ মুভি সঙস’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।

স্যামুয়েল হকের কথায় ‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের এই গানটির সুর ও কম্পোজিশন করেছেন সুরকার প্রিন্স মাহমুদ। আর এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ব্যান্ড 'আভাস'-এর ভোকাল তানজির তুহিন। গানটির সংগীত আয়োজন করেছেন শাকের রাজা। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা রেজা ঘটক।

দীর্ঘ ৩১ বছর ধরে প্রতি ঈদে শ্রোতাদের নতুন গান উপহার দিয়ে আসছেন প্রিন্স মাহমুদ। এবারের গানটি নিয়ে তিনি বলেন, "এবারও আসলাম ঈদের ঠিক আগেই প্রিয় ব্যান্ড আর্টিস্ট তানজির তুহিনকে নিয়ে। এখন থেকে বাণিজ্যিক সাফল্য বা অন্যের প্রশংসার কথা ভুলে কেবল নিজের আত্মার শান্তির জন্য গান করব। তাই হলো। তবে এটি কোনো কমার্শিয়াল গান না। কানে হেডফোন লাগিয়ে শোনার গান 'জোছনায় ভাসা শহর'।"

গানের পেছনের মেহনত নিয়ে তিনি আরও বলেন, "আমি গান কারো ওপর ছেড়ে দিই না। আবেগজনিত অনুরণন এবং মানসিক সংযোগ ব্যাখ্যার প্রয়োজন ছাড়াই কষ্ট বা আনন্দ অবিকল নিজের মতো করে অনুভব করতে প্রত্যেকটা বিষয় ধরে ধরে করি। চিন্তাধারা ও শক্তির স্তর মিলে গেলে অবচেতনভাবেই তাই হয়তো শ্রোতার সাথে অদৃশ্য বন্ধন তৈরি হয়।"

গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী তানজির তুহিন বলেন, "প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, আমি সেটা উপলব্ধি করেই খুব দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি। নেটিজেনদের গানটি ভালো লাগলে আমার গায়কি সার্থক হবে।"

সংগীত আয়োজক শাকের রাজা জানান, "প্রিন্স ভাই ও তুহিন ভাইয়ের সাথে গান করার আনন্দই আলাদা। গানটিতে একটু স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, যা শ্রোতাদের মন জয় করবে বলেই আমার বিশ্বাস।"

চলচ্চিত্রটির নির্মাতা রেজা ঘটক গানটির জন্মপ্রক্রিয়া তুলে ধরে বলেন, "গানটি তৈরি করার আগে প্রিন্স ভাই আমার সাথে অন্তত সাত-আটবার একান্তে আলোচনা করেছেন। সিনেমার কোথায় কী ধরনের সেন্টিমেন্টে আমি গানটি প্রয়োগ করব, সেটি খুটিয়ে খুটিয়ে বুঝে নেবার চেষ্টা করেছেন। দৃশ্যগুলো কেমন, কার পয়েন্ট অব ভিউ থেকে গানটা হবে, এসব খুটিনাটি বুঝে নেবার পর প্রিন্স ভাই প্রথমে সুর তৈরি করেছেন।"

সিনেমার প্রযোজক নাজমুল হক ভুঁইয়া এবং নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান আশা প্রকাশ করে বলেন, সিনেমার গল্প, দৃশ্যায়ন ও ইমোশনকে গুরুত্ব দিয়েই এই স্পেশাল গানটি তৈরি করা হয়েছে, যা দর্শক-শ্রোতাদের মনে সিনেমাটি সম্পর্কে একটি দারুণ প্রথম ইম্প্রেশন তৈরি করবে।

২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদানপ্রাপ্ত ‘ডোডোর গল্প’ সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা। বিভিন্ন চরিত্রে আছেন পরীমণি, সাইমন সাদিক, আমিরুল হক চৌধুরী, ওয়ামিদা মল্লিক, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম, রিফাত চৌধুরী, আনন্দ খালেদসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর গান ও ট্রেলার পর্যায়ক্রমে জি-সিরিজের মাধ্যমে প্রকাশ পাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.