Sylhet Today 24 PRINT

তৃতীয় বিয়ের পিঁড়িতে আমির খান, পাত্রী কে এই গৌরী স্প্র্যাট?

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০২৬

বলিউড সুপারস্টার আমির খানের বিয়ে নিয়ে ফের উত্তাল বি টাউন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গেই জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিসহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ জুলাই একান্ত পারিবারিক আয়োজনে তাদের বিয়ের আসর বসতে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত আমির খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত বছর নিজের ৬০তম জন্মদিনের অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আনেন আমির খান। সে সময় তিনি জানিয়েছিলেন, গৌরী তার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রায় ১৮ মাস ধরে সম্পর্কের বিষয়টি গোপন রাখার বিষয়ে মজা করে আমির বলেছিলেন, মুম্বাইয়ের তুলনায় বেঙ্গালুরুতে মিডিয়ার নজরদারি কম থাকায় তারা দীর্ঘ সময় আড়ালে থাকতে পেরেছেন।

গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তার মা রিটা স্প্র্যাট শহরের একজন সুপরিচিত সেলুন ব্যবসায়ী ছিলেন। ব্লু মাউন্টেন স্কুলের পাঠ চুকিয়ে গৌরী ইউনিভার্সিটি অব আর্টস লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এটি গৌরীরও দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে; তার আগের সংসারে সাত বছর বয়সী একটি ছেলে রয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানান, গৌরীর সান্নিধ্যে তিনি মানসিকভাবে অনেক শান্তি খুঁজে পেয়েছেন। রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে অতীতের সম্পর্কের কথা উল্লেখ করে আমির বলেন, “গৌরীর সঙ্গে পরিচিত হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। তার সাথে থাকলে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি।” গত এক বছরে বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানেও এই জুটিকে একসাথে দেখা গেছে।

১৯৮৬ সালে শৈশবের বন্ধু রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান, যা ১৬ বছর পর ২০০২ সালে বিচ্ছেদে রূপ নেয়। এরপর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। ২০২১ সালে সেই সংসারটিও ভেঙে গেলেও একমাত্র ছেলে আজাদের দায়িত্ব তারা যৌথভাবে পালন করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.